ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন মাগুরার মতো না করার আহ্বান জামায়াতের
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ১৯৯৪ সালের মাগুরার নির্বাচনের মতো না করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ১৯৯৪ সালের মাগুরার নির্বাচনের মতো না করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াত নির্বাচন বর্জন করেনি এবং তাদের প্রার্থী মাঠে রয়েছে। পরিস্থিতি নিরপেক্ষ থাকলে তারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী অনিয়ম নিয়ে সিইসির কাছে লিখিতভাবে ৯টি সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়। একই সঙ্গে সুষ্ঠু ভোটের স্বার্থে সেখানে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, পুলিশ ও স্থানীয় প্রশাসন রাজনৈতিক চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না। বিশেষ করে ঠাকুরগাঁও সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বিএনপির প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাঁর পক্ষে কাজ করছেন দাবি করে জামায়াত নেতা তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।
ব্রিফিংয়ে আরও অভিযোগ করা হয়, জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা ছাড়াও নির্বাচনী আচরণবিধি ভেঙে মসজিদে সভা করা, রঙিন প্রতীকের ব্যবহার ও অসময়ে মাইক বাজানো হচ্ছে। এ ছাড়া বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটাচ্ছেন বলে দাবি করেন গোলাম পরওয়ার। তিনি জানান, ওই আসনের প্রায় ১ লাখ ৬৮ হাজার সনাতন ধর্মাবলম্বী ভোটারের চাকরি নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ দলটির অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।