প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক দ্রুত নিয়োগের ঘোষণা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হবে। বর্তমানে এই পদে প্রায় সাড়ে ৩৪ হাজার শূন্যতা রয়েছে। সোমবার পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকার দুটি স্কুল পরিদর্শনে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে যোগাযোগ চলছে। এই পদক্ষেপের ফলে স্কুলগুলোর প্রশাসনিক কাজ আরও গতিশীল হবে। এ ছাড়া যোগ্য শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও ভাবা হচ্ছে। তিনি আরও জানান, প্রধান শিক্ষক নিয়োগ শেষ হলে সহকারী শিক্ষক পদেও নতুন করে নিয়োগের চাহিদা তৈরি হবে।
এদিন তিনি মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের মাঝে শিখন উপকরণ বিতরণ করেন এবং তাদের মৌলিক শিখনদক্ষতা যাচাই করেন। পরিদর্শনের সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।