তাহিরপুরে ফেসবুকে অবমাননাকর পোস্টের অভিযোগে ব্যক্তি পুলিশ হেফাজতে
সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। আজ সোমবার বেলা আড়াইটার দিকে নিজ গ্রাম থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয়। এর আগে গতকাল রোববার বিতর্কিত পোস্টটি নজরে আসার পর এলাকায় ক্ষোভ দেখা দেয়। তবে আটক হওয়ার আগেই আজ সকালে ওই ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি দাবি করেন, তাঁর ও তাঁর পরিবারের ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া আইডি থেকে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। পুলিশ ওই ব্যক্তিকে নৌকায় তুলে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন ঢিল ছোড়ে। পরে পুলিশ দ্রুত স্থান ত্যাগ করে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিবেশ এখন শান্ত আছে।
ঘটনার পর স্থানীয়দের নিয়ে বৈঠক করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও মেহেদী হাসান। গ্রামবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে জুনাব আলী বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তিনি শাস্তি পাবেন। গ্রামে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।