ডেইলি বাংলাগ্রাম

ফ্যাসিবাদের সঙ্গে বিএনপি সরকারের সুর মিলে গেছে: সাদিক কায়েম

আওয়ামী ফ্যাসিবাদ ও বর্তমান বিএনপি সরকারের চরিত্র এক হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

ফ্যাসিবাদের সঙ্গে বিএনপি সরকারের সুর মিলে গেছে: সাদিক কায়েম

আওয়ামী ফ্যাসিবাদ ও বর্তমান বিএনপি সরকারের চরিত্র এক হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন। তাঁর দাবি, আওয়ামী লীগের কায়দাতেই এখন দেশ পরিচালিত হচ্ছে এবং পুলিশ বাহিনীকে দলীয়করণ করে পুনরায় ক্রসফায়ারের পথে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে ২০০৬ সালের শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ শিপন, মাসুম ও মুজাহিদসহ নিহতদের স্মরণ করে তিনি বলেন, সেদিন লগি-বৈঠার তাণ্ডবের মাধ্যমেই দেশে মাফিয়াতন্ত্র শুরু হয়েছিল। সেই ঘটনার বিচার না হওয়ায় পরবর্তী ১৬ বছর ধরে পিলখানা ও শাপলা চত্বরের মতো গণহত্যা সংঘটিত হয়েছে। আবু সাঈদ, আলী রায়হান, ওয়াসিম ও শান্তদের মতো পূর্বের শহীদরাও মুক্তির স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, দীর্ঘ ২০ বছর হতে চললেও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি।

বর্তমান সরকারের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর প্রত্যাশা থাকলেও সরকার গণহত্যার বিচার করতে ব্যর্থ হয়েছে। আইজিপির বক্তব্য প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকারের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা বন্ধ করতেই আবারও ক্রসফায়ারের সংস্কৃতি ফেরানোর পাঁয়তারা চলছে। তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকারী এবং জুলাই বিপ্লবে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।