ডেইলি বাংলাগ্রাম

আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জাতি ক্ষমা করবে না: ব্যারিস্টার শাহরিয়ার কবির

আওয়ামী লীগকে অবিলম্বে প্রাতিষ্ঠানিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির।

আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জাতি ক্ষমা করবে না: ব্যারিস্টার শাহরিয়ার কবির

আওয়ামী লীগকে অবিলম্বে প্রাতিষ্ঠানিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত সময়ের অপরাধ এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনার সঠিক বিচার নিশ্চিত করতে না পারলে জাতি বর্তমান সরকারকেও কখনো ক্ষমা করবে না। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘রক্তেভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এ বক্তব্য দেন।

বক্তব্যে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, গত সাত মাসেও আওয়ামী লীগের অপরাধসমূহের কোনো বিচার সম্পন্ন করা যায়নি। অথচ ২০০৬ সালের ঘটনাই দলটির রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট ছিল। সরকারপ্রধানের উদ্দেশে তিনি বলেন, অতীতের রক্তক্ষয়ী অপরাধের কথা ভুলে গেলে চলবে না। অবিলম্বে এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিলম্ব হলে জনগণ তা মেনে নেবে না। বিচার বিভাগের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে জামিনযোগ্য মামলার কার্যক্রমেও সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করতে হয়।

এছাড়া ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ১৯৭১ সালের ২৫ মার্চের আগেই তৎকালীন পূর্ব পাকিস্তানে হাজার হাজার নিরীহ অবাঙালিকে হত্যা করা হয়েছিল, যার বিচার এখনো হয়নি। শহীদ হাদীর জানাজায় বিশাল জনসমাগমের উদাহরণ দিয়ে তিনি বলেন, মানুষ ভালোবাসা থেকেই সেখানে সমবেত হয়েছিল। পরিশেষে তিনি মন্তব্য করেন, কোনো আধিপত্যবাদী বা সাম্রাজ্যবাদী শক্তির কাছে বর্গা দেওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের সংগ্রাম অব্যাহত থাকবে।