ডেইলি বাংলাগ্রাম

গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ

রাজধানীর গুলশানের ‘কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেড’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল ও মদজাতীয় পানীয় জব্দ করা হয়েছে।

গুলশানের কিংফিশারে এনবিআরের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ

রাজধানীর গুলশানের ‘কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেড’-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল ও মদজাতীয় পানীয় জব্দ করা হয়েছে। শুল্ক ও ভ্যাট ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই পদক্ষেপ নেয়। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুরু হয়ে অভিযানটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এতে সহায়তা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

এনবিআরের তথ্য অনুযায়ী, চোরাচালানের মাধ্যমে আনা উচ্চ শুল্কযুক্ত মদ কর ফাঁকি দিয়ে বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতেই কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। কাস্টমস আইন-২০২৩, ভ্যাট আইন-২০১২ এবং আয়কর আইন-২০২৩ অনুযায়ী এই তল্লাশি চালানো হয়।

অভিযানকালে রেস্তোরাঁটি থেকে বৈধ কাগজপত্রবিহীন প্রচুর অ্যালকোহল উদ্ধার করা হয়। তবে জব্দ করা পণ্যের মোট তালিকা, ফাঁকি দেওয়া রাজস্বের হিসাব এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। এনবিআর জানিয়েছে, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।