'আমার দেশ'-এর ছাপাখানায় ককটেল হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল বিস্ফোরণ এবং দুজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনে ককটেল বিস্ফোরণ এবং দুজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান। তিনি আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, গণমাধ্যমের ছাপাখানায় এমন সহিংস হামলা স্বাধীন সাংবাদিকতা ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি। সংবাদমাধ্যমের ওপর আক্রমণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান তিনি। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং দেশের সব গণমাধ্যমের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান দলটির এই নেতা।
এর আগে রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে প্রেস ভবনের সামনে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং লাল টেপ প্যাঁচানো অন্যটি অবিস্ফোরিত থেকে যায়। হামলায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও স্থানীয় পান বিক্রেতা রিনা খানম আহত হন। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি।