রাশেদ খাঁন অতীতে ছাত্রশিবির করতেন: এনসিপি নেতা তারেক রেজার দাবি
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অতীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অতীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা। রোববার (২৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন।
তারেক রেজার দাবি অনুযায়ী, ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরের হয়ে অন্য কাউকে ছাড় দেওয়ার নির্দেশ অমান্য করে রাশেদ সংগঠনটি ত্যাগ করেন। ফেসবুক পোস্টে আরও অভিযোগ করা হয়, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ছাত্র অধিকার পরিষদের কর্মসূচি ঘোষণার ক্ষেত্রেও রাশেদ বাধা দেন। আবরারের শিবির সংশ্লিষ্টতার আশঙ্কায় নিজের অতীত পরিচয় আড়াল করতে তিনি কর্মসূচি পালনে আপত্তি জানিয়েছিলেন। এমনকি অন্য নেতাদের দল ছাড়ার হুমকি দিয়েও পরে শিক্ষার্থীদের জমায়েত দেখে তিনি নিজেই কর্মসূচিতে যোগ দেন।
এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন দাবি করেছিলেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়েছিলেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, আসন পাওয়ার আশায় এনসিপির এক ডজন নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ধরনা দেন। কিন্তু বিএনপি মাত্র চারটি আসন দিতে চাওয়ায় তারা বেশি আসন ও নির্বাচনী খরচের সুবিধার জন্য জামায়াতের জোটে গেছে।