ডেইলি বাংলাগ্রাম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন ফাহমিদা মজিদ ঊষা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন ফাহমিদা মজিদ ঊষা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষা। সম্প্রতি মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় দলীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এতে আসনটি শূন্য হয়। এরপর দলীয় ফোরামে আলোচনার পর এই আসনে ঊষাকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এখানে ভোট অনুষ্ঠিত হবে।

ফাহমিদা মজিদ ঊষা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী। তাঁর বাবা এম এ মজিদ ঢাকা সিটি করপোরেশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিষ্টির পদত্যাগের পর শূন্য আসনে নতুন প্রার্থী বাছাইয়ে সাংগঠনিক ভূমিকা ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়। সার্বিক বিষয় পর্যালোচনা করে দলীয় হাইকমান্ড ঊষার নাম চূড়ান্ত করেছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে হামলা চালানো হয়। প্রায় দুই শতাধিক ব্যক্তি সেখানে ঢুকে কর্মীদের জিম্মি করে লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।