অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি প্রতারণার মামলার পুনঃতদন্তে সিআইডি
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলার পুনঃতদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলার পুনঃতদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা মামলায় পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর গুলশানের ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন তানজিন তিশা। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। পরবর্তীতে মেসেঞ্জারে শাড়ি ফেরত চাইলে তিশা তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর আদালতে মামলা হলে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। তবে গত ২৫ মে পিবিআই তিশাকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলে বাদীপক্ষ তাতে নারাজি দেয়।
মামলায় আরও বলা হয়, শাড়ি ফেরত চাওয়ায় ফেসবুক মেসেঞ্জারে ফোন দিয়ে বাদীকে সামাজিকভাবে হেয় করার ভয় দেখানো হয়েছিল। সেই ঘটনায় এর আগে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। এদিকে ২৮ হাজার ৮০০ টাকার আরেকটি শাড়ি সংক্রান্ত প্রতারণার মামলাতেও তিশার বিরুদ্ধে বিচার চলছে। সেই মামলায় গত ২৯ সেপ্টেম্বর আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছেন।