চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে সরিয়ে নেওয়ার অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার ২১ বছর বয়সী এক তরুণী সন্তান প্রসব করার পর নবজাতককে অভিযুক্ত যুবকের স্বজনেরা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার ২১ বছর বয়সী এক তরুণী সন্তান প্রসব করার পর নবজাতককে অভিযুক্ত যুবকের স্বজনেরা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। ভুক্তভোগী পরিবারের দাবি, জন্মের পরই শিশুটিকে ৫০ হাজার টাকায় অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে মামলা না করে বিষয়টি সালিসে মীমাংসার জন্য তাঁদের ওপর চাপ দেওয়া হচ্ছিল।
ভুক্তভোগীর মা জানান, ১২ বছর আগে তাঁর স্বামী মারা যান। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি ঢাকায় থাকার সময় তাঁর মেয়েকে একই গ্রামের ওই যুবক একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের পরিবার বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়। অভিযুক্তের বাবা প্রবাসে থাকায় তাঁর চাচা ও স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। সালিসের মাধ্যমে অভিযুক্তের পরিবার থেকে তিন লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং ঘটনা প্রকাশ না করতে ভয়ভীতি দেখানো হয়।
সালিসে যুক্ত থাকার বিষয়ে জানতে চাইলে ওই প্রভাবশালী ব্যক্তি নবজাতক বিক্রি সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন। অভিযুক্ত যুবকের চাচাও ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানান। এদিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।