ডেইলি বাংলাগ্রাম

কক্সবাজার বিমানবন্দরের নতুন রানওয়ে ও টার্মিনাল উদ্বোধন ১৬ নভেম্বর

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত অবকাঠামো আগামী ১৬ নভেম্বর উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কক্সবাজার বিমানবন্দরের নতুন রানওয়ে ও টার্মিনাল উদ্বোধন ১৬ নভেম্বর

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারিত অবকাঠামো আগামী ১৬ নভেম্বর উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমুদ্রের ভেতরে রানওয়ে বাড়িয়ে এর দৈর্ঘ্য করা হয়েছে ১০ হাজার ৭০০ ফুট। এর ফলে যেকোনো বড় আকারের উড়োজাহাজ এখন থেকে এই বিমানবন্দরে অনায়াসে অবতরণ করতে পারবে। নতুন এই অবকাঠামোর মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে বিশ্বের সরাসরি আকাশ যোগাযোগ স্থাপিত হচ্ছে।

প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের দৃষ্টিনন্দন যাত্রী টার্মিনালে যুক্ত করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে বোর্ডিং ব্রিজ, কনভেয়ার বেল্ট, আধুনিক স্ক্যানার, লিফট এবং এসকেলেটর। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ও সেবা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. নূর নবী। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আদলে নিরাপত্তা ও ব্যাগেজ হ্যান্ডলিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে জানান সিকিউরিটি সুপারভাইজার মো. সিফাত উল্লাহ। টার্মিনালটিতে বহির্গমনে চারটি এবং আগমনী যাত্রীদের জন্য ছয়টি ইমিগ্রেশন কাউন্টার রাখা হয়েছে।

নতুন এই বিমানবন্দরে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকার মতে, সরাসরি আকাশপথ উন্মুক্ত হলে এ অঞ্চল থেকে শুঁটকি ও শাকসবজি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি করা সহজ হবে। অন্যদিকে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কক্সবাজারের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে তুলবে বলে মনে করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন।