ডেইলি বাংলাগ্রাম

মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের সুরক্ষায় সংসদীয় কমিটির সুপারিশ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত নারী কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মধ্যপ্রাচ্যে নারী কর্মীদের সুরক্ষায় সংসদীয় কমিটির সুপারিশ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত নারী কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে সৌদিতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর সেবার মানোন্নয়নে আধুনিকায়ন পরিকল্পনা উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। এ নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় কমিটিকে জানায়। কমিটি জানায়, তথ্য পাওয়ার পর পুরো ঘটনা, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নেওয়া উদ্যোগ এবং কনস্যুলার কর্মকর্তাদের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ সংসদীয় কমিটিকে জানাতে হবে। এ ছাড়া বৈঠকে রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেটের শ্রমকল্যাণ, হজ ব্যবস্থাপনা, জনবল, দ্বিপক্ষীয় বাণিজ্য ও শ্রমবাজারের সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়।

বৈঠকে বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, সানজিদা ইসলাম এবং পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বৈঠকে ১৫৩তম আইপিইউ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং কমিটির সভাপতি নির্বাহী সদস্য হওয়ায় মন্ত্রণালয়ের সহযোগিতার প্রশংসা করা হয়। একই সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সহায়তার জন্যও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।