ডেইলি বাংলাগ্রাম

সাংবাদিকদের পেটানোর হুমকি দেওয়ায় এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও তাঁদের মারধরের হুমকি দেওয়ায় ধর্মীয় বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সাংবাদিকদের পেটানোর হুমকি দেওয়ায় এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও তাঁদের মারধরের হুমকি দেওয়ায় ধর্মীয় বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতের সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এই নোটিশ পাঠান। নোটিশে আগামী সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আব্বাসী। সেখানে তিনি দেশের সাংবাদিকদের তীব্র ভাষায় আক্রমণ করেন এবং পেটানোর কথা বলেন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীরা বিদেশি গোয়েন্দা সংস্থার টাকায় চলেন এবং হলুদ সাংবাদিকতায় জড়িত বলে অভিযোগ তোলেন তিনি। এ ছাড়া একজন প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান নিয়ে সাংবাদিকদের নেতিবাচক ভূমিকারও সমালোচনা করেন এই বক্তা।

আইনি নোটিশে আরও জানানো হয়, এমন বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। পাশাপাশি তাঁদের জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি করে নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে উসকানি, মানহানি ও হামলার হুমকির অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।