পদ্মা ব্যারাজের প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রী
আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের প্রথম ধাপের কাজের সূচনা হতে যাচ্ছে।
আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের প্রথম ধাপের কাজের সূচনা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া সময় অনুযায়ী এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন ও কারিগরি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, নির্বাচনের মাত্র আড়াই মাসের মধ্যে একনেক সভায় এই মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। দুটি ধাপে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। প্রথম ধাপে প্রায় ৩৫ হাজার কোটি এবং দ্বিতীয় ধাপে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি সুবিধা পাবেন। এ্যানি উল্লেখ করেন, ২০০৪ সালে তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া এই উদ্যোগ নিয়েছিলেন এবং ২০১৬ সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার প্রত্যাশা ছিল। এই প্রকল্পের ফলে শুষ্ক মৌসুমে সেচ সমস্যা কাটবে, নৌ-যোগাযোগ বাড়বে, প্রায় আট মাস জলবিদ্যুৎ পাওয়া যাবে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পানির জোগান সহজ হবে।
প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ জানান, পাবনার সুজানগরের সঙ্গে রাজবাড়ীকে সংযুক্ত করে এই ব্যারাজ গড়ে তোলা হবে। ব্যারাজে ৭৮টি গেট রাখা হবে, যা বর্ষা মৌসুমে পানি ব্যবস্থাপনার জন্য খোলা থাকবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আবু আশ্রাফ।