ডেইলি বাংলাগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় পরিচালনায় ব্যর্থ: বিরোধীদলীয় নেতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্য সব বিষয়ে পারদর্শিতা দেখালেও নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় পরিচালনায় ব্যর্থ: বিরোধীদলীয় নেতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অন্য সব বিষয়ে পারদর্শিতা দেখালেও নিজের মন্ত্রণালয় সামলাতে পারছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি আড়াল করতে সরকার বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে দাবি করে তিনি বলেন, দিনেদুপুরে ৫০টি ট্রাকে ডাকাতি হচ্ছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান দেশে ঢুকছে বলে সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য সংসদে জানিয়েছেন।

জামায়াত আমির অভিযোগ করেন, প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে। বিরোধীদের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের অভিযোগ নাকচ করে তিনি দাবি করেন, বিগত নির্বাচনে বিএনপি নেতারা আওয়ামী লীগের কাছে ভোট চেয়েছিলেন। দলটির সহায়তায় বিএনপি ৯৫টি আসনে বিজয়ী হয়েছিল এবং স্বয়ং শেখ হাসিনাও এ বিষয়ে কথা বলেছেন। সীমান্ত দিয়ে অবৈধ অর্থ, অস্ত্র ও মাদক প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, যারা দেশের সীমান্ত পাহারা দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

চাঁদাবাজি ও বাজার পরিস্থিতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, চাঁদাবাজির কারণে এক টাকার পণ্য তিন টাকায় কিনতে হচ্ছে। পঞ্চগড়ের কৃষকেরা ন্যায্যমূল্য না পেয়ে চারটি লাউ এক টাকায় বিক্রি করছেন, অথচ সেই লাউ ঢাকায় ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রাড্ডা মেডিকেল সেন্টারে রাতের আঁধারে হামলা ও লুটের ঘটনায় জড়িত সংসদ সদস্যকে বিচারের মুখোমুখি না করে কেবল পদত্যাগ করিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।