ডেইলি বাংলাগ্রাম

সংবিধান সংশোধনের পথ পরিহার করে সংস্কারের আহ্বান জামায়াত আমিরের

সংবিধান সংশোধনের পথ থেকে সরে এসে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সংবিধান সংশোধনের পথ পরিহার করে সংস্কারের আহ্বান জামায়াত আমিরের

সংবিধান সংশোধনের পথ থেকে সরে এসে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন করে সংবিধান সংশোধন করা হলে পরবর্তীতে আদালত তা বাতিল করে দিতে পারে। জামায়াত এই ধরনের কোনো পণ্ডশ্রম বা অতীতের ভুল ধারায় চলতে রাজি নয়।

ক্ষমতাসীন বিএনপির কঠোর সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে দলটি অতীত ভুলে গেছে এবং জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো এড়িয়ে চলছে। তিনি দাবি করেন, গণভোটে বিএনপি ইতিবাচক ভূমিকা রাখেনি এবং আওয়ামী লীগের সঙ্গে দলটির নির্বাচনী সমঝোতা ছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িত সংসদ সদস্যকে আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ জনগণের স্বার্থে অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের ওপর জোর দেন। এ ছাড়া সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য প্রদান করেন।