সেন্ট মার্টিন ভ্রমণ চালু হচ্ছে ১ নভেম্বর, দৈনিক যাওয়ার সুযোগ পাবেন সাড়ে ৩ হাজার পর্যটক
আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত আবার শুরু হচ্ছে।
আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত আবার শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জন দর্শনার্থী সেখানে যাওয়ার সুযোগ পাবেন। দ্বীপে প্রবেশের জন্য প্রত্যেক পর্যটককে ১০০ টাকা করে পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তর কোনো জাহাজ চলাচলের ছাড়পত্র দিতে পারবে না। কেবল অনুমোদিত জাহাজগুলো নুনিয়ারছড়া ঘাট থেকে যাতায়াত করতে পারবে। ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরকে এই ফি আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের ২২ অক্টোবরের প্রজ্ঞাপনের নির্দেশনাগুলো বহাল রাখা হয়েছে এবং পর্যটন মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের তা বাস্তবায়নে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পরিবেশ রক্ষার স্বার্থে গত বছর সেন্ট মার্টিন ভ্রমণ সীমিত করেছিল অন্তর্বর্তী সরকার। তখন নভেম্বরে জাহাজ বন্ধ থাকায় পর্যটকেরা যেতে পারেননি এবং কেবল ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে সর্বোচ্চ দুই হাজার জনের রাত্রিযাপনের সুযোগ ছিল। অথচ চার বছর আগেও টেকনাফ থেকে ৯ থেকে ১১টি জাহাজে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ নাফ নদীর ১৩ কিলোমিটার ও সাগরের ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্বীপে যেতেন। পরবর্তী সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধাবস্থা, নাফ নদীতে গুলিবর্ষণ ও অপহরণের ঘটনার কারণে টেকনাফ রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।