ডেইলি বাংলাগ্রাম

ঠাকুরগাঁওয়ের স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করার ডাক গোলাম পরওয়ারের

ঠাকুরগাঁও অঞ্চলকে রক্ষা করতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

ঠাকুরগাঁওয়ের স্বার্থ রক্ষায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করার ডাক গোলাম পরওয়ারের

ঠাকুরগাঁও অঞ্চলকে রক্ষা করতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা প্রদানে চরম দুর্নীতি ও দলীয়করণ করেছে।

আগামী ২৯ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিএনপিকে বর্জন করার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ১৯৭১ সালের ইতিহাস নিয়ে দলটি জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। ভোটে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির চেষ্টা করা হলে নির্বাচন কার্যালয় ও ভোটকেন্দ্র ঘেরাও করার কড়া হুঁশিয়ারি দেন তিনি। অনিয়মে জড়িত প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসন থেকেই সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে জনসভাটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।