সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউনিয়ন যুবদল সভাপতি ফকির জহিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউনিয়ন যুবদল সভাপতি ফকির জহিরুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। শনিবার সন্ধ্যায় নিহত ব্যক্তির ভাগনে ইসমাইল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় এই মামলা করেন। এর আগে গত বুধবার রাতে শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় হামলার শিকার হন জহিরুল। পরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এজাহার অনুযায়ী, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জহিরুল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দেয় এবং চাঁদা দাবি করে। এর আগে ২০২৫ সালের ১৫ নভেম্বর আড়াইহাজারে তাঁর ওপর হামলা হয়েছিল। ওই ঘটনায় ২৯ নভেম্বর তিনি একটি মামলা করেন, যা এখনও বিচারাধীন। বুধবার রাতে চরকিশোরগঞ্জ বাজারে নিজের ফার্মেসি বন্ধ করে বাসায় ফেরার পথে কাশেমনগর এলাকায় আসামিরা তাঁর পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, প্রধান আসামি রিজভী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসাইনের অনুসারী। এজাহার থেকে মোবারকের নাম বাদ দেওয়ার জন্য তাঁদের নানাভাবে চাপ দেওয়া হচ্ছে।