ডেইলি বাংলাগ্রাম

কওমি মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন বন্ধে কড়া নির্দেশনা, অমান্য করলে বাতিল হবে অধিভুক্তি

কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নিপীড়ন ঠেকাতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

কওমি মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন বন্ধে কড়া নির্দেশনা, অমান্য করলে বাতিল হবে অধিভুক্তি

কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নিপীড়ন ঠেকাতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এসব নিয়ম মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধিভুক্তি স্থগিত অথবা বাতিল হতে পারে। শনিবার (২৪ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ দেশের ছয়টি কওমি মাদ্রাসা বোর্ড ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এই আদেশ জারি করে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠন করতে হবে অথবা বিদ্যমান কমিটিকে সক্রিয় রাখতে হবে। কোনো শিক্ষার্থীকে নির্যাতন বা অনৈতিক আচরণের অভিযোগ পেলে সর্বোচ্চ সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া মাদ্রাসা বোর্ডগুলোকে তদারকির জন্য শক্তিশালী মনিটরিং সেল তৈরি এবং অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। সুরক্ষা কমিটি না থাকলে বা ব্যবস্থা নিতে ব্যর্থ হলে মাদ্রাসার অধিভুক্তি বাতিলের মতো শাস্তির কথা বলা হয়েছে।

বিবৃতিতে হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন কিংবা অনৈতিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আইন নিজের হাতে তুলে নেওয়াও সমর্থন করা যায় না। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্কুল ও মাদ্রাসায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা নজরদারির আহ্বান জানান তারা। একই সঙ্গে কোনো ধরনের ছাড় না দিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা।