তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞদের নানা বিকল্প প্রস্তাব
তত্ত্বাবধায়ক সরকারের গঠনপদ্ধতি, রূপরেখা ও কার্যপরিধি নির্ধারণে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা।
তত্ত্বাবধায়ক সরকারের গঠনপদ্ধতি, রূপরেখা ও কার্যপরিধি নির্ধারণে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংবিধানে উচ্চকক্ষ যুক্ত হলে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা কিংবা সরকারি দল ও বিরোধীদের সর্বসম্মত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার মতো বিভিন্ন বিষয় পর্যালোচনায় এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির অষ্টম এই বৈঠকে ৪৪ জন সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও আইনের অধ্যাপক উপস্থিত হয়ে তাঁদের প্রস্তাব উপস্থাপন করেন। বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংসদ সদস্য সাকিলা ফারজানা অংশ নেন। সভাপতি জানান, সবার মতামত পাওয়ার পর কমিটির রিপোর্টের ভিত্তিতে সংশোধনী বিল আনা হতে পারে।
বৈঠকে জুলাই জাতীয় সনদের রূপায়ণ, মৌলিক কাঠামো ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিষয়ে বিস্তারিত কথা হয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অনাস্থা ভোট, অর্থবিল, সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত ও ভোট দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, বিচারক নিয়োগ আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়োগের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।