জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: দিলারা চৌধুরী
জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। জাতীয় ঐক্য গড়ে তোলা, গণতান্ত্রিক উত্তরণ এবং রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে তিনি গণভোটের রায় ও জুলাই সনদ কার্যকরের জোর দাবি জানান। একই সঙ্গে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার প্রক্রিয়া দ্রুত না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (ভিপিএসএসসি) আয়োজনে ‘জাতীয় ঐক্য : উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব বক্তব্য তুলে ধরেন।
ড. দিলারা চৌধুরী বলেন, বিচারপ্রক্রিয়া কেন থমকে আছে তা স্পষ্ট নয়। তিনি অভিযোগ করেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন না করে জনবিচ্ছিন্ন কর্মকাণ্ড করছে এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা চালাচ্ছে। জামায়াতে ইসলামীর সঙ্গে বর্তমান দূরত্ব তৈরির সমালোচনা করে তিনি জানতে চান, কার ইশারায় এই বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালের নির্বাচনের পর জামায়াত সমর্থন না দিলে তখনই বিএনপির রাজনীতি বিপদে পড়ত। দেশে কৃত্রিম অনৈক্য তৈরি করে কোনো নৈরাজ্যের পথ তৈরি করা হচ্ছে কি না, তা নিয়েও তিনি উদ্বেগ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপিএসএসসির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী। তিনি শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করতে গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে এক থাকার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, অধ্যাপক ড. নাইমা মোয়াজ্জেম, অধ্যাপক ড. আব্দুর রব, সাবেক সচিব ড. মোহাম্মদ মিয়া, সাবেক কূটনীতিক সাকিব আলি, এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হুসাইন, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল মুদাসসের ও রুবী আমানতউল্লাহ বক্তব্য রাখেন।