ডেইলি বাংলাগ্রাম

বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাইকা, জেট্রো, জেবিআইসি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ নির্বাহীদের সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে। এর বাইরে তিনি জাপানের বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল, ইউনিক্লোর সদরদপ্তর ও টয়োটার কারখানা সরেজমিনে পরিদর্শন করবেন।

এ সফরে বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি, জাপানি বিনিয়োগ বাড়ানো এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য ও পরিবেশ সুরক্ষার মতো ক্ষেত্রে সমঝোতা কিংবা নতুন সহযোগিতার ঘোষণা আসতে পারে। এছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নসহ রোহিঙ্গা সমস্যা ও জ্বালানি নিরাপত্তার মতো বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।