ডেইলি বাংলাগ্রাম

দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে তিন দিনের সফরে ঢাকা আসছেন জার্মানির ভাইস মিনিস্টার

তিন দিনের সরকারি সফরে রোববার (২৫ অক্টোবর) ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে তিন দিনের সফরে ঢাকা আসছেন জার্মানির ভাইস মিনিস্টার

তিন দিনের সরকারি সফরে রোববার (২৫ অক্টোবর) ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। তিনি দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দুই দেশের ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার রূপরেখা নির্ধারণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করাই তার এই সফরের প্রধান উদ্দেশ্য। শনিবার সন্ধ্যায় ঢাকার জার্মান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই সফরের কথা জানায়।

বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে প্রচলিত সহায়তার বাইরে গিয়ে নতুন ক্ষেত্রগুলোতে আলোকপাত করা হবে। বিশেষ করে দীর্ঘমেয়াদি সহনশীলতা, টেকসই প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক অভিযোজন ক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এই দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে জার্মানি দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে আগ্রহী।

সফরকালে ড. কফলার বিভিন্ন রাজনৈতিক সংলাপে অংশ নেবেন এবং চট্টগ্রামের কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি ঢাকায় জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর অনুষ্ঠানে যোগ দেবেন। ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণ স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে জার্মানির অব্যাহত অঙ্গীকারকেই তুলে ধরে।