নিত্যপণ্যের দামে নাকাল সাধারণ মানুষ, দুই মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের
দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দলের প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাজারে জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে উল্লেখ করে তিনি জানান, বাড়তি ব্যয়ের চাপে একটি সাধারণ পরিবারে ডিম খাওয়ার পরিমাণ অর্ধেকের নিচে নেমেছে।
সামগ্রিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দ্রুত পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাজেটের পর কোনো পণ্যের দাম বাড়বে না বলে সংসদে সরকারদলীয় সংসদ সদস্যরা অসত্য বক্তব্য দিয়েছিলেন। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর বিকেল তিনটায় শাহবাগে গণবিক্ষোভ ডেকেছে এনসিপি। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবেই সপ্তাহব্যাপী এই প্রচারপত্র বিলির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে নাহিদ দাবি করেন, বিএনপি নিজেই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে অংশ নিয়েছিল এবং এখনো তারা সমঝোতা বজায় রেখে দেশ চালাচ্ছে। অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্য রাখেন। সমাবেশ শেষে দলটির নেতারা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের হাতে প্রচারপত্র তুলে দেন।