ডেইলি বাংলাগ্রাম

টোকিও থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রাক্কালে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

টোকিও থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রাক্কালে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এর ফলে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে এই কূটনীতিক থাকছেন না এবং তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর তারেক রহমান সে দেশে সরকারি সফরে যাচ্ছেন। এই সফরের মাধ্যমে দেশে নতুন বিনিয়োগ আসবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র প্রকাশ উপলক্ষে এ সংলাপের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, সীমিত বাজেট নিয়ে বাংলাদেশ জলবায়ু অভিযোজন চালিয়ে যাচ্ছে। আসন্ন সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরা হবে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অভিযোজন ও প্রশমন প্রক্রিয়ায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, উন্নত দেশগুলোকে ক্ষতিপূরণের তহবিল গঠনসহ তাদের আর্থিক অঙ্গীকার রক্ষা করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণের বোঝা কমাতে এসব অর্থায়ন অনুদান হিসেবে আসা উচিত। বৈশ্বিক পর্যায়ে দাবি আদায়ে পররাষ্ট্র এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় যৌথ ফোকাল দল গঠন করেছে এবং সেখানে তরুণ পরিবেশকর্মীদের সম্পৃক্ত করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।