জামায়াতের সহায়তা ছাড়া ৯১ সালে বিএনপি টিকত না: দিলারা চৌধুরী
১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সমর্থন না পেলে তখনই বিএনপির রাজনীতি শেষ হয়ে যেত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সমর্থন না পেলে তখনই বিএনপির রাজনীতি শেষ হয়ে যেত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। শনিবার জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, ওই নির্বাচনে সরকার গঠনের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও জামায়াতের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছিলেন।
তৎকালীন পরিস্থিতির কথা তুলে ধরে ড. দিলারা চৌধুরী বলেন, তিনি এই ঘটনার সরাসরি সাক্ষী ছিলেন। সে সময় জামায়াতের সমর্থন জোগাড় করতে শেখ হাসিনা তাঁর স্বামীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। নাগরিকত্বের সমস্যার কথা তোলা হলে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী তা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং কেবল জামায়াতের সমর্থন নিশ্চিত করতে বলেন। দিলারা চৌধুরীর মতে, শেখ হাসিনা মূলত ১৯৯১ সালের নির্বাচনকে একটি ঝুলন্ত সংসদে রূপ দিতে চেয়েছিলেন।
বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এই বিশ্লেষক জানতে চান, এখন হঠাৎ জামায়াতের সঙ্গে দূরত্ব কেন তৈরি করা হচ্ছে এবং কার ইঙ্গিতে এমন বার্তা আসছে। কৃত্রিম অনৈক্য তৈরি করে দেশে কোনো বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে কি না, তা নিয়েও তিনি গভীর উদ্বেগ জানান।