প্রধানমন্ত্রীর জাপান সফরে মিলবে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের মাধ্যমে দেশে নতুন জাপানি বিনিয়োগ আসবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের মাধ্যমে দেশে নতুন জাপানি বিনিয়োগ আসবে। তাঁর মতে, এই সফর প্রত্যাশার চেয়েও বেশি ফলপ্রসূ হবে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ-৩১ বিষয়ক একটি জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূতদের তলব করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া। সরকার কখন কোন কূটনীতিককে ডেকে পাঠাবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বিষয়। এর আগে অনুষ্ঠানে তিনি জানান, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও জোরালো করতে কাজ চলছে। এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যে 'ক্লাইমেট চেঞ্জ উইং' গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে সংকট মোকাবিলায় সবাইকে অভিন্ন অবস্থান নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় নারী ও শিশুদের সংকটকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। তাঁদের সমস্যাগুলো বিবেচনায় না নিলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হবে না।