চাঁদাবাজি রুখতে পুলিশের বাদী হয়ে মামলার নতুন আইন আসছে: আইজিপি
চাঁদাবাজি বন্ধে দ্রুত নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
চাঁদাবাজি বন্ধে দ্রুত নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বয়রায় কেএমপির পুলিশ লাইনসে এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রস্তাবিত আইনটি পাস হলে ভুক্তভোগীর সরাসরি অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে।
আইজিপি উল্লেখ করেন, চাঁদাবাজরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ প্রায়ই থানায় অভিযোগ করতে বা সাক্ষ্য দিতে ভয় পান। এই অচলাবস্থা দূর করতে ডিজিটাল তথ্য-প্রমাণ ও অপরাধের সূত্র ধরে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাং, মাদক এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে বর্তমানে সারাদেশে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে জনগণের সঙ্গে পুলিশের একটি দূরত্ব তৈরি হয়েছে এবং সমাজে মাদকের বিস্তার ঘটেছে। পুলিশ বাহিনীকে আরও কার্যকর ও জনবান্ধব করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে নতুন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং একটি শাখা হিসেবে কাজ করবে। তবে এর অপব্যবহার করে কেউ সাধারণ মানুষকে হয়রানি বা অর্থ আদায়ের চেষ্টা করলে তা কঠোরভাবে তদারক করা হবে বলে তিনি সতর্ক করেন।