ডেইলি বাংলাগ্রাম

সরাইলে এমপি রুমিন ও ওসির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়, থানায় পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সরাইলে এমপি রুমিন ও ওসির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়, থানায় পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় এই জিডি করা হলেও শুক্রবার সন্ধ্যায় তা প্রকাশ্যে আসে। একই সঙ্গে ওই সময় সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের একটি তালিকা তৈরি করছে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট ওসি নিশ্চিত করেছেন।

সংসদ সদস্যের কর্মী-সমর্থকদের দাবি, বেশ কিছুদিন ধরেই ওসির সঙ্গে সংসদ সদস্যের দূরত্ব তৈরি হয়েছিল। ওসির বিরুদ্ধে ফোন না ধরা ও নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে থানায় যান রুমিন ফারহানা। ওসির কক্ষে তাঁদের মধ্যে এই বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে এই ঘটনার ৭ মিনিট ৮ সেকেন্ড, ৫৭ সেকেন্ড এবং ২ মিনিট ২৩ সেকেন্ড দৈর্ঘ্যের তিনটি পৃথক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রুমিন ফারহানা জানান, ওসির বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে দুই পৃষ্ঠার অপরাধের তালিকা নিয়ে তিনি কথা বলতে গিয়েছিলেন। তবে ওসি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এদিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জাকির হোসেন জানান, ওসির বিরুদ্ধে ওঠা বিষয়গুলো লিখিত আকারে পুলিশের ঊর্ধ্বতন মহলকে জানানোর প্রস্তুতি চলছে।