ভোট নিয়ে বাড়াবাড়ি হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত আমিরের
ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ি করা হলে নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ভোট নিয়ে কোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ি করা হলে নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি জানান, দেশে আর কাউকে ভোট চুরি করার সুযোগ দেওয়া হবে না। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, এই দেশ বা জনগণ কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। জনগণই ঠিক করবে কারা দেশ ও সমাজ পরিচালনা করবে। জামায়াতের ওপর মানুষের আস্থা বাড়ছে উল্লেখ করে তিনি কর্মীদের প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং গণনা শেষে সঠিক ফলাফল বুঝে নেওয়ার নির্দেশ দেন।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, মেয়র বা কাউন্সিলর কোনো পদেই দুর্বল প্রার্থী দেওয়া যাবে না এবং কোনো আসন ফাঁকা রাখা চলবে না। প্রতিটি স্থানে যোগ্য প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে। সমাজে যেকোনো অবিচারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন এবং ভোটাধিকার রক্ষায় প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।