এনসিপির নতুন কমিটি জামায়াতের নিয়ন্ত্রণে গঠিত হয়েছে: রাশেদ খান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত কমিটিকে জামায়াতে ইসলামীর যুব শাখা হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত কমিটিকে জামায়াতে ইসলামীর যুব শাখা হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তাঁর দাবি, জামায়াতের নির্দেশনায় এই কমিটি গঠিত হয়েছে এবং দলটির ভেতরে থাকা স্বতন্ত্র ও জামায়াতবিরোধী নেতাদের পদাবনতি দিয়ে বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পদে বসানো হয়েছে।
ফেসবুক পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, কোনো ধরনের কাউন্সিল ছাড়াই নতুন কমিটি ঘোষণা এনসিপির সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব কুক্ষিগত করার মানসিকতা প্রকাশ করে। নির্বাচনী খরচ ও কিছু আসনের বিনিময়ে দলটি নিজস্ব স্বকীয়তা হারিয়ে জামায়াতের কাছে আত্মসমর্পণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। এনসিপির নতুন ধারার রাজনীতি দেওয়ার সুযোগ শেষ হয়ে গেছে দাবি করে তিনি দলটিকে কার্যত একটি ‘প্রক্সি পার্টি’ হিসেবে মন্তব্য করেন।
এর আগে শুক্রবার সকালে এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।