ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা এসএএফএনের সাম্মানিক ফেলো হলেন মুশফিকুল ফজল আনসারী
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে। আন্তর্জাতিক উদ্যোগ দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীন পরিচালিত এই নেটওয়ার্ক দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, ভবিষ্যৎ রূপরেখা এবং নীতিবিষয়ক বিভিন্ন সংকট নিয়ে গবেষণা ও সংলাপ আয়োজন করে থাকে।
নতুন এই পদে মুশফিকুল ফজল আনসারী সংস্থাটির নীতিসংক্রান্ত আলোচনা ও গবেষণাকাজে সরাসরি যুক্ত থাকবেন। তিনি ওয়াশিংটনে নেটওয়ার্কটির প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশেও গবেষণা কার্যক্রমে সমন্বয় করবেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, জনসেবা, গণমাধ্যম ও কূটনীতিতে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা বিভিন্ন মহলের সঙ্গে নেটওয়ার্কটির সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে। উল্লেখ্য, এসএএফএনের বাংলাদেশ চ্যাপ্টারের দায়িত্বে রয়েছেন মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান।
আন্তর্জাতিক সম্পর্ক ও গণমাধ্যমে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকুল ফজল আনসারী বর্তমানে সিনিয়র সচিবের পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন। ইতিপূর্বে তিনি মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমবর্তী হিসেবে কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসের দায়িত্ব সামলেছেন। কূটনীতিক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি ওয়াশিংটনে মানবাধিকার সংস্থা ‘রাইট টু ফ্রিডম’-এর নির্বাহী পরিচালক এবং ‘সাউথ এশিয়া পারসপেক্টিভস’-এর নির্বাহী সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি হোয়াইট হাউস ও জাতিসংঘে স্থায়ী সংবাদদাতার দায়িত্বও পালন করেছেন।