ডেইলি বাংলাগ্রাম

প্রশাসনে দলীয়করণের অভিযোগ জামায়াত নেতা আবদুল হালিমের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসক নিয়োগে বিএনপি নির্লজ্জ দলীয়করণ করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

প্রশাসনে দলীয়করণের অভিযোগ জামায়াত নেতা আবদুল হালিমের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসক নিয়োগে বিএনপি নির্লজ্জ দলীয়করণ করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি বাস্তবে ‘সবার আগে বিএনপি’তে পরিণত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

আব্দুল হালিম বলেন, জুলাই অভ্যুত্থানের কারণেই বিএনপি সরকার গঠন ও সংসদে যাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু তারা জুলাই সনদ বাস্তবায়ন করছে না। তিনি অভিযোগ করেন, ৬৪ জেলার ডিসি নিয়োগে যুবদল ও সাবেক ছাত্রদল নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও দলটির সমর্থকদের বসানো হয়েছে। বিএনপিকে স্বৈরাচারের পথ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটি গণতন্ত্রের পথে হাঁটলে জামায়াত তাদের সঙ্গেই থাকবে।

বিগত স্বৈরাচারী শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, তাঁদের প্রার্থী দেলোয়ার হোসেন চার বছর কারাভোগ এবং ৫৭ দিন রিমান্ডের শিকার হয়েছেন। অথচ উপনির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন একদিনও কারাগারে যাননি। তিনি আরও দাবি করেন, জামায়াত সাতটি জেলায় শতভাগ এবং আরও নয়টি জেলায় ছয়টির মধ্যে পাঁচটি করে আসন পেয়ে বড় বিরোধী দল হলেও তাদের বঞ্চিত করা হচ্ছে। এছাড়া তেল-গ্যাসের সংকট নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি স্পষ্ট করেন, তাঁদের লংমার্চ সরকার হটানোর জন্য নয়, বরং জনঅধিকার আদায় ও সচেতনতা তৈরির জন্য করা হচ্ছে।