জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে বিরোধীদের অনুপস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বক্তব্য দেন। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, যথাযথভাবে আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত হননি। তাঁরা এ বিষয়ে খোঁড়া যুক্তি দিয়ে ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন। গত ১৯ অক্টোবর ওসমানী উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমান ৮৩৪ জন শহীদের নামসংবলিত এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।
জামায়াতে ইসলামীর বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কার্ডে নাম না থাকার অজুহাত সঠিক নয়। মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নাম কার্ডে না থাকলেও প্রধানমন্ত্রী তাঁদের মঞ্চে ডেকে নিয়েছিলেন। বিরোধীরা উপস্থিত থাকলে তাঁদের প্রতিনিধিকেও মঞ্চে সম্মান দেওয়া হতো। এ সময় তিনি ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি করার প্রবণতার সমালোচনা করেন। একই সঙ্গে বিরোধীদের সংঘাত ও লং মার্চের পথ ছেড়ে সংসদে এসে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জানান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়েছে। তিনি দ্রুত এই পাঁচ সদস্যের নাম জমা দিয়ে গঠনমূলক দায়িত্ব পালনের তাগিদ দেন। এ ছাড়া বাক্স্বাধীনতার নামে অশালীন ভাষা ব্যবহারের বিষয়ে তিনি কড়া সতর্কতা দেন। দলের ভেতরে থাকা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত কিচক হরিপুর গ্রামের ফিরোজার পরিবারের হাতে ৫ লাখ টাকা অনুদান তুলে দেন।