জামায়াত আমিরের ডিভাইস চেয়ে ডিবির চিঠি, নিরাপত্তায় উদ্বেগে বাদীপক্ষ
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে অন্তত তিনবার চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে অন্তত তিনবার চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও আট মাসের বেশি সময়ে এসব আলামত তদন্ত সংস্থার হাতে পৌঁছায়নি। ডিভাইসের তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নিজেদের উপস্থিতিতে ফরেনসিক পরীক্ষার দাবি করছে মামলার বাদীপক্ষ।
মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। গত ৬ এপ্রিল আদালত ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার আবেদন মঞ্জুর করেন এবং আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। মামলার বাদী সিরাজুল ইসলামের বক্তব্য অনুযায়ী, তাঁরা ডিভাইস দিতে অস্বীকার করছেন না, তবে ডিভাইসের সার্বিক সুরক্ষা নিয়ে শঙ্কিত। এ নিয়ে তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে।
গত ৩১ জানুয়ারি জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে নারীদের বিষয়ে একটি বিতর্কিত পোস্ট দেওয়া হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে হ্যাকিংয়ের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। গ্রেপ্তার হওয়ার পর জামিন পাওয়া ছরওয়ারে আলমের ডিভাইস জব্দ করে পরে ফেরত দেওয়া হলেও এখনো ফরেনসিক প্রতিবেদন পাওয়া যায়নি। পাশাপাশি এক্স কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো উত্তর না আসায় তদন্তের মূল রহস্য উদ্ঘাটন আটকে রয়েছে।