ডেইলি বাংলাগ্রাম

সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।

সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ এসে পৌঁছায়। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কফিনটি গ্রহণ করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত ১১টা ১০ মিনিটে মরদেহটি পাঠানো হয়। শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় বগুড়ার শাহজাহানপুরের বাসিন্দা শাহেদ মারা যান। ওই একই ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা ও ওমরাহযাত্রী মো. নাসরুল্লাহ বদরপুরী নিহত হন এবং আহত হন অন্তত ২৭ জন বাংলাদেশি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত শাহেদের পরিবারের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে। শাহেদের কর্মস্থল ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ বকেয়া বেতন ও বিভিন্ন সুবিধা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পাশাপাশি অন্যান্য আইনি ও আর্থিক অনুদান দ্রুত বুঝিয়ে দেওয়ার কাজ চলছে।