জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটি প্রকাশ, বিলুপ্ত হলো সাতটি পদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি ঘোষণা করেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১৯৫ সদস্যের পুনর্গঠিত কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কাঠামোর কথা জানানো হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। একই সঙ্গে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব।
নতুন এই বিন্যাসের ফলে দলটির সাংগঠনিক কাঠামো থেকে সাতটি পদ বাদ দেওয়া হয়েছে। বিলুপ্ত হওয়া পদগুলো হলো মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক ও যুগ্ম মুখ্য সমন্বয়ক। আগের কমিটিতে এসব দায়িত্বে ছিলেন নাসীরুদ্দীন, সারজিস, হাসনাত, আসিফ ও আবদুল হান্নান মাসউদ। এছাড়া ওই কমিটিতে ৪২ জন সংগঠক ও ২৩ জন যুগ্ম মুখ্য সমন্বয়ক ছিলেন। নতুন কমিটিতে সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব ও আবদুল হান্নান মাসউদকে যুগ্ম আহ্বায়ক এবং নাহিদা সারোয়ার নিভাকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
দলটির নতুন কমিটিতে মোট ২৪ জন যুগ্ম আহ্বায়ক এবং ৬ জন যুগ্ম সদস্যসচিব রয়েছেন। আগে কোনো সম্পাদকীয় পদ না থাকলেও এবার ৩২টি সম্পাদকীয় পদে ৩২ জনকে যুক্ত করা হয়েছে। তাদের সহযোগিতায় থাকছেন সহসম্পাদকরা। এছাড়া পূর্ণাঙ্গ এই কমিটিতে ১১ জন সাংগঠনিক সম্পাদক, ১৯ জন সহসম্পাদক ও ৫৮ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।