অভিজ্ঞতার ঘাটতির কারণেই ইশরাকের অস্ত্র প্রদর্শন: নিলোফার চৌধুরী মনি
বাবার পরিচয়ে ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে আসায় ইশরাক হোসেনের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
বাবার পরিচয়ে ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে আসায় ইশরাক হোসেনের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহসম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। মঙ্গলবার (২০ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে গেন্ডারিয়ায় অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযানকে অভিজ্ঞতাহীন এক ‘খামখেয়ালি’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।
গেন্ডারিয়ার ঘটনার সমালোচনা করে নিলোফার চৌধুরী বলেন, নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র রাখা যায়। কিন্তু দায়িত্বশীল পদে থেকে এভাবে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে অভিযান পরিচালনা করা এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করা সমীচীন নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, কোনো মহলের প্ররোচনায় চলচ্চিত্রের দৃশ্যের মতো এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মনি মনে করেন, সাধারণ মাদকসেবীদের পেছনে না ছুটে মূল মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো জরুরি ছিল।
মনি আরও দাবি করেন, বিএনপিকে চাপে ফেলা ও নির্বাচনী সুবিধা নেওয়ার জন্য ইশরাককে উসকানি দিয়ে এমন পরিস্থিতিতে ফেলা হতে পারে। এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহানুভূতিশীল অবস্থান নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। এ ছাড়া দেশের মাদক সমস্যার বিস্তারের পেছনে প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি সাম্প্রতিক সময়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের পদত্যাগের ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি হিসেবে উল্লেখ করেন তিনি।