২০১৩ সালের গণআন্দোলনের ইতিহাস সংকলনে যৌথ উদ্যোগ
২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে হওয়া গণআন্দোলনের ইতিহাস গ্রন্থনার উদ্যোগ নিয়েছে শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহ।
২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে হওয়া গণআন্দোলনের ইতিহাস গ্রন্থনার উদ্যোগ নিয়েছে শাপলা স্মৃতি সংসদ ও জামিয়াতুত তারবিয়াহ। দুই প্রতিষ্ঠানের যৌথ প্রয়াসে এই ইতিহাস সংরক্ষণ করা হবে। বুধবার আসরের নামাজের পর জামিয়াতুত তারবিয়াহ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আয়োজকেরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের সামনে সঠিক তথ্য তুলে ধরতেই প্রামাণ্য দলিলের ভিত্তিতে এই ইতিহাস সংকলন করা হচ্ছে। সভায় আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, সামগ্রিক ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যক্ষ অভিজ্ঞতা সংগ্রহের বিষয়ে বিশদ আলোচনা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সব তথ্য-উপাত্ত সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়।
উক্ত সভায় শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান ও জামিয়াতুত তারবিয়াহর মহাপরিচালক আল্লামা মামুনুল হক উপস্থিত ছিলেন। এছাড়া মাওলানা মুহিব্বুল্লাহ মাসনূন, ইতিহাস বিভাগের পরিচালক মাওলানা মনযুর আহমাদ, দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ এবং মাওলানা আরিফ বিল্লাহ বৈঠকে অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, সাহিত্য সম্পাদক মাওলানা ইব্রাহীম জামিল, সহ-মিডিয়া সম্পাদক ফাতীহ মুহাম্মাদ সুলাইমান ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সাদ।