সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটুনিতে ব্যক্তির মৃত্যু
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন আলম শেখ। সেখানে উপস্থিত রোগীর স্বজনরা তার কাছে আসার কারণ জানতে চান। তিনি কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। তখন একদল লোক তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনে এবং মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। আঙুলের ছাপ মিলিয়ে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত আলম শেখ রাজধানীর রূপনগর এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।