ডেইলি বাংলাগ্রাম

অভিন্ন ব্যানারে মাঠে নামছে কওমি ঘরানার সাত ইসলামী দল

কওমি ধারার সাতটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

অভিন্ন ব্যানারে মাঠে নামছে কওমি ঘরানার সাত ইসলামী দল

কওমি ধারার সাতটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন কোনো দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে তারা যৌথ কর্মসূচি পরিচালনা করবে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলুম মাদরাসায় দলগুলোর লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী দলগুলো তাদের নিজস্ব স্বকীয়তা ও পরিচয় বজায় রাখবে। একই সঙ্গে বিএনপি বা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকা দলগুলোকেও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত করার ব্যাপারে নেতারা সম্মত হয়েছেন। পারস্পরিক সমঝোতা ও আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সভায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব উপস্থিত ছিলেন। আরও অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া। এছাড়া খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল কাদির ও মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ অন্য নেতারা বৈঠকে ছিলেন।