বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ আটক ৬
চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে (৩৬) কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে (৩৬) কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধারের পাশাপাশি এই চক্রের মূল হোতাসহ ছয়জনকে আটক করা হয়। আটক মূল পরিকল্পনাকারী একজন সাবেক সেনাসদস্য। বুধবার বিকেলে পুলিশের পক্ষ থেকে এই সফল অভিযানের তথ্য জানানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এহসান প্রায় ১২ বছর দক্ষিণ আফ্রিকায় প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরেন। এরপর তিনি বাঁশখালীর পুঁইছড়ির প্রেমবাজারে একটি হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন। গত শনিবার রাত ৮টা ২৫ মিনিটে কালো পোশাক ও মুখে মাস্ক পরা চার ব্যক্তি তাঁর দোকানে আসেন। নিজেদের এসআরবি সদস্য পরিচয় দিয়ে তাঁরা এহসানকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যান। এরপর বিভিন্ন নম্বর থেকে ফোন করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। এ নিয়ে সোমবার বাঁশখালী থানায় মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক হওয়া মূল হোতা সুমন মুন্সির (৩২) সেনাবাহিনী ও র্যাবে দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আটক অন্য ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, টেকনাফ থেকে উদ্ধারের পর ব্যবসায়ীকে বাঁশখালী থানায় এনে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো অভিযানের বিস্তারিত তথ্য বৃহস্পতিবার জানানো হবে।