হাদী হত্যার বিচার চেয়ে সরকারের ভূমিকা নিয়ে ইনকিলাব মঞ্চের প্রশ্ন
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র ওসমান বিন হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র ওসমান বিন হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বুধবার বিকেলে জেলা শহরের শহীদ রফিক চত্বরে ‘মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শেষে এ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে জাবের তিন দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ওসমান বিন হাদী হত্যার বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থান, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার শেষ করা। তিনি অভিযোগ করে বলেন, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন। তাদের ফেরাতে সরকারের চিঠির কোনো কার্যকর জবাব দেয়নি ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা না বলার নির্দেশ দিয়েছেন বলেও তিনি দাবি করেন। এছাড়া দেশে নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও কেন এই বিচার সম্পন্ন হয়নি, তা নিয়ে তিনি সরকারের কাছে কৈফিয়ত চান।
রাজনৈতিক প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, গত ১৭ বছর বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলো স্বাভাবিক রাজনীতি করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পথ ধরে বিএনপি ক্ষমতায় এসেছে। তবে জুলাই শহীদ ও আহতদের ন্যায়বিচার দিতে ব্যর্থ হলে দলটিকে অতীতের চেয়েও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির আহ্বায়ক সাব্বির, সদস্য শাফিন শাহজাদ এবং ‘অদম্য ২৪’-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম ও সদস্যসচিব সজীব হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।