ডেইলি বাংলাগ্রাম

চায়না দুয়ারি জাল ও বিদ্যুৎ দিয়ে মাছ ধরা বন্ধে দেশজুড়ে অভিযানের নির্দেশ

দেশের নদী, খাল, বিল ও হাওরে চায়না দুয়ারি জাল এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।

চায়না দুয়ারি জাল ও বিদ্যুৎ দিয়ে মাছ ধরা বন্ধে দেশজুড়ে অভিযানের নির্দেশ

দেশের নদী, খাল, বিল ও হাওরে চায়না দুয়ারি জাল এবং বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর। চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জাফর উদ্দীনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশব্যাপী অবৈধ শিকার বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের মৎস্যসম্পদ সংরক্ষণ বিভাগের উপপরিচালক বরুন চন্দ্রবিশ্বাসের সই করা চিঠিতে কারখানা বন্ধের কড়া তাগিদ দেওয়া হয়। নির্দেশনায় নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুরের জাজিরা এবং ঢাকার কেরানীগঞ্জ ও দোহারসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ জাল তৈরির কারখানা সিলগালা করতে বলা হয়েছে। পাশাপাশি ওইসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী সারাদেশে এই তৎপরতা জোরদার করা হবে।

চায়না দুয়ারি জাল এবং বৈদ্যুতিক শকের ব্যবহারে প্রজননক্ষম মা মাছ ও ছোট পোনা ধ্বংস হচ্ছে। এতে প্রাকৃতিক জলজ জীববৈচিত্র্যের পাশাপাশি দেশীয় মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। সংশ্লিষ্টদের মতে, শুধু নদ-নদীতে অভিযান না চালিয়ে এসব জালের উৎপাদন ও বিপণনের মূল উৎস বন্ধ করতে হবে। সমন্বিত উদ্যোগ ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই এই সংকট সমাধান সম্ভব।