সৌদি আরবে বিমানের দাম্মাম ফ্লাইট পুনরায় চালু, ২৫ অক্টোবর যাবে রিয়াদে
সৌদি আরবের দাম্মাম রুটে আবার উড়োজাহাজ চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সৌদি আরবের দাম্মাম রুটে আবার উড়োজাহাজ চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে আগামী ২৫ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশেও একটি ফ্লাইট পরিচালনা করা হবে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি এ কথা জানায়।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ২১ অক্টোবর থেকে শুরু হওয়া দাম্মামগামী ফ্লাইটগুলো ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা ত্যাগ করবে। এসব যাত্রায় ব্যবহার করা হচ্ছে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। এদিকে রিয়াদের ফ্লাইটটি ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে এই রুটের বাকি ফ্লাইটের সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া জেদ্দা রুটে ২২ অক্টোবর দুটি এবং ২৩ থেকে ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট চলাচল করবে।
অন্য রুটের মধ্যে গত ১৮ অক্টোবর থেকেই মদিনাগামী ফ্লাইট স্বাভাবিক রয়েছে এবং এর সময়সূচিতে কোনো বদল আসছে না। সৌদি আরবের ফ্লাইট সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কাটা ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকদের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।