পদ্মা ব্যারেজসহ রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ভূমিমন্ত্রীর ৬ দফা দাবি
রাজশাহীর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুনির্দিষ্ট ছয়টি দাবি তুলে ধরেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে সুনির্দিষ্ট ছয়টি দাবি তুলে ধরেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। মঙ্গলবার রাজশাহীতে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবিগুলো পেশ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁর কথা শোনেন এবং দাবিনামাটি গ্রহণ করেন।
জনসভায় উত্থাপিত দাবির মধ্যে রয়েছে ফারাক্কার বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ সম্পন্ন করা। চিকিৎসা খাতের আধুনিকায়নে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ৩০০ থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ করা এবং নির্মিত শিশু হাসপাতালটি দ্রুত চালুর আহ্বান জানানো হয়। এছাড়া সিঙ্গাপুর ও দুবাইসহ বিদেশে কৃষিপণ্য রপ্তানির জন্য হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কার্গো সার্ভিস চালু, রাজশাহী বাইপাস সড়ক ৬ লেনে রূপান্তর, একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ এবং বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের অর্থনীতি এক নতুন যুগে প্রবেশ করবে। তিনি রাজশাহীর কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থাকে আধুনিক করতে সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। পাশাপাশি তিনি এ অঞ্চলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত মাটি হিসেবে উল্লেখ করেন।