ডেইলি বাংলাগ্রাম

পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক

পাবনার ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক

পাবনার ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম সূর্য খাতুন (৫৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছেলে উদ্দিন সরদারকে (৩৫) আটক করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা-বাবার সঙ্গে ঝামেলা করতেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে রান্নাঘরে কাজ করার সময় মায়ের কাছে টাকা দাবি করেন তিনি। মা টাকা দিতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উদ্দিন কাস্তে দিয়ে মায়ের গলা কেটে ফেলেন। নিহতের মেয়ে জোমেলা খাতুন জানান, ভাইয়ের মাদকাসক্তির কারণে তাদের সংসারে প্রায়ই কলহ হতো।

ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। পরে বেলা ১১টার দিকে গ্রামের একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় উদ্দিনকে আটক করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটিও উদ্ধার করে পুলিশ। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।