১৪ বছর পর বিমানবন্দর-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল, মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত
বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ ১৪ বছরে ২ হাজার ৮১১ কোটি টাকা খরচের পর এই উদ্যোগ বন্ধ হচ্ছে। এখন এই পথের অবকাঠামো পরিবর্তন করে তিন থেকে ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তর করা হবে। পাশাপাশি করিডরের দুটি উড়ালসড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি বিলুপ্ত করে এর কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় নেওয়া হচ্ছে। গৃহীত পদক্ষেপের অগ্রগতি ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়কে জানাতে হবে। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞ দল প্রকল্পটি বাতিলের সুপারিশ করে। বুয়েট দলের প্রধান অধ্যাপক সামছুল হক জানান, প্রকল্পটি পুরোপুরি বাতিল করে মহাসড়ক করাটাই সেরা বিকল্প। একই সঙ্গে তিনি গাজীপুরবাসীর জন্য কমলাপুর পর্যন্ত বিকল্প হিসেবে কমিউটার ট্রেন চালুর তাগিদ দেন।
২০১২ সালে নেওয়া এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৪০ কোটি টাকা। দফায় দফায় সংশোধনের পর বাজেট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি টাকায়। দীর্ঘ নির্মাণকাজের সময় দুর্ঘটনায় সাতজনের মৃত্যুও হয়েছে। এদিকে প্রকল্পের কাজ ৯৭ শতাংশ শেষ দাবি করে এটি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামের একটি সংগঠন। অন্যদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, স্থাপনা সরানো ও ঠিকাদারদের ক্ষতিপূরণ দিতেই সরকারের আরও এক হাজার কোটি টাকার বেশি লাগতে পারে।